যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত একটি নতুন পোস্টারকে ঘিরে অনলাইনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পোস্টারটিতে অভিবাসীদের ‘নিজেদের দেশে ফিরে যান নতুবা পরিণতির জন্য তৈরি থাকুন’ এমন বার্তা দেওয়া হয়েছে।‘ট্রান্সফর্মার্স’ চলচ্চিত্র সিরিজের আদলে তৈরি ওই পোস্টারে ‘মি. সিং’ নাম ব্যবহার করা হয়েছে। এতে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পোস্টারটিতে বলা হয়েছে, ‘আমাদের রাস্তা থেকে সরে যান। মি. সিং, আপনি কীভাবে গাড়ি চালাতে হয় তা জানেন না।’ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী পদক্ষেপের সময় পোস্টারটি প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।বিতর্কিত পোস্টারটির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে বক্তব্য দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বিভাগটি জানিয়েছে, যারা দেশে শত্রুভাবাপন্ন মনোভাব নিয়ে প্রবেশ করবে, তাদের প্রতিহত করা হবে। বিজ্ঞাপনটিতে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।পোস্টারটির প্রতিবাদ জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। সংগঠনটি এটিকে অন্যায্য জাতিগত প্রোফাইলিং হিসেবে উল্লেখ করে এফবিআইয়ের তদন্ত দাবি করেছে। একই সঙ্গে পোস্টারটি নিয়ে সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজিটির পরিবেশক প্যারামাউন্ট পিকচার্সকে বিষয়টি পর্যালোচনার আহ্বান জানিয়েছে তারা।ফক্স সেভেন নিউজের সংবাদ পাঠক অ্যালেক নোলা ঘটনাটির নিন্দা জানিয়েছেন। তার মন্তব্য, ‘সিং’ পদবিধারী মানুষের জন্য পোস্টারটি অপমানজনক। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে তার দাদা ও প্রপিতামহের কর্মজীবনের ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরে সরকারের এ ধরনের পোস্টারকে বর্ণবাদী ও নিচু মানসিকতার প্রকাশ হিসেবে অভিহিত করেন।হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই প্রচারণা তাদের ‘সিবিপি হোম’ কর্মসূচির অংশ। কর্মসূচিটির আওতায় স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে আগ্রহী অবৈধ অভিবাসীদের যাত্রা ব্যয় বহনের পাশাপাশি অতিরিক্ত দুই হাজার ছয়শত ডলার দেওয়ার ব্যবস্থা রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।